‘সালাম’ জানাতে গিয়েছিলেন ছাত্রদল নেতা, কর্মকর্তারা বলছেন আমরা শঙ্কিত
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ০৬:৫৮ পিএম
রাজধানীর খামারবাড়িতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক বি এম আলমগীর কবিরের বিরুদ্ধে।
এ ঘটনার পর নিরাপত্তা জোরদারের দাবি জানিয়ে ঢাকা অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের পরিচালক ড. মোহাম্মদ আবদুল কাইয়ুম মজুমদার অধিদপ্তরের মহাপরিচালকের কাছে লিখিত আবেদন করেছেন।
অভিযোগে বলা হয়েছে, বুধবার দুপুর প্রায় ১টা ৫০ মিনিটে আলমগীর কবির ১০ থেকে ১২ জন সহযোগীকে সঙ্গে নিয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ৭১৭ নম্বর কক্ষে প্রবেশ করেন। সেখানে তিনি প্রকল্প পরিচালককে গালাগাল করেন এবং চাঁদা দাবি করেন বলে অভিযোগ করা হয়েছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার চেষ্টা এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও উল্লেখ করা হয়েছে। একই দিনে অধিদপ্তরের আরও কয়েকজন কর্মকর্তাকেও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
পেঁয়াজ সংরক্ষণ প্রকল্পের পরিচালক ড. মো. মাহফুজুর রহমান জানান, আলমগীর কবির তার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন। এর আগে আরও দুই লাখ টাকা চাওয়া হয়েছিল বলেও তিনি দাবি করেন।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ছাত্রদল নেতা বি এম আলমগীর কবির। তার দাবি, তিনি কেবল সালাম জানাতে খামারবাড়িতে গিয়েছিলেন। পাশাপাশি প্রকল্প পরিচালকের সঙ্গে কিছু সহযোগীর নিয়োগসংক্রান্ত বিষয় নিয়ে কথা বলার উদ্দেশ্য ছিল বলে তিনি জানান।