ড. ইউনূসের গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে গুরুত্বপূর্ণ পদে ঢাবির সাবেক ভিসি

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ১২:০৩ এএম

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে পরামর্শক হিসেবে যুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। তিনি বিশ্ববিদ্যালয়টির ‘সিনিয়র স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার’ হিসেবে দায়িত্ব পালন করবেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) ইউনূস সেন্টারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক অনুমতির ভিত্তিতে গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে যোগ দিয়েছেন অধ্যাপক নিয়াজ আহমেদ খান। একই সঙ্গে সরকারি অনুমোদন পাওয়ার পর বিশ্ববিদ্যালয়টির কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে বলেও উল্লেখ করা হয়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, একদিকে একাডেমিক কার্যক্রম শুরুর প্রস্তুতি জোরদার করা হচ্ছে, অন্যদিকে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজও চলমান রয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পান ড. নিয়াজ আহমেদ খান। পরবর্তীতে গত ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠনের পর তিনি ওই পদ থেকে সরে দাঁড়ান।

এর আগে ইউনূস সরকারের সময় থেকেই তাকে বিদেশে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের আলোচনা চলছিল। ইউরোপের কোনো দেশে দায়িত্ব নেওয়ার আগ্রহ থাকলেও বিভিন্ন জটিলতায় তা বাস্তবায়িত হয়নি। সর্বশেষ ইরানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে প্রস্তাব পেলেও তিনি তা গ্রহণ করেননি।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495