নিজ বাসায় মিললো ঢাবি শিক্ষার্থীর লাশ, চিরকুটে লেখা শিক্ষকের নাম

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ০৪:৪০ পিএম

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর নিজ বাসা থেকে মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাস্থল থেকে পাওয়া একটি চিরকুটকে কেন্দ্র করে পুরো ঘটনায় নতুন রহস্যের জন্ম দিয়েছে, যেখানে একজন শিক্ষকের নাম উল্লেখ থাকায় বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মৃত শিক্ষার্থীর নাম মুনিরা মাহজাবিন মিমো। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী ছিলেন। তিনি রাজধানীর বাড্ডা এলাকায় তার বাবা-মায়ের সঙ্গে বসবাস করতেন।

পুলিশ জানায়, মরদেহের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। সেখানে একজন শিক্ষককে ৫০ হাজার টাকা দেওয়ার কথা উল্লেখ রয়েছে। পাশাপাশি কয়েকজন ব্যক্তির নাম উল্লেখ করে তাদের ভালো থাকার কথা লেখা ছিল। এছাড়া ওই শিক্ষকের দেওয়া কিছু উপহার ফেরত দেওয়ার কথাও চিরকুটে পাওয়া গেছে।

ঘটনার পর গুলশান অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার জুয়েল জানান, মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

প্রাথমিক তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট বিভাগের এক শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ। একই সঙ্গে ওই শিক্ষার্থীর ঘনিষ্ঠ এক সহপাঠীকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

এ বিষয়ে বিভাগের চেয়ারম্যান কাজী তামান্না হক সিগমা জানান, ঘটনাটি জানার পর বিভাগের শিক্ষকরা শিক্ষার্থীর বাসায় যান। তার মোবাইল ফোনের তথ্য বিশ্লেষণে এক শিক্ষকের সঙ্গে যোগাযোগের ইঙ্গিত পাওয়ায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে নানা প্রশ্নও উঠেছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495