বৈশাখী কনসার্ট ঘিরে সংঘর্ষ, ভিডিও করায় দুই সাংবাদিককে রড দিয়ে পেটাল ছাত্রদল

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ১০:৩৭ এএম

ছবি: সংগৃহীত

বৈশাখী কনসার্টকে ঘিরে তৈরি হওয়া সংঘর্ষের জেরে কবি নজরুল কলেজে পেশাগত দায়িত্ব পালনকালে দুই সাংবাদিককে রড দিয়ে পেটানোর অভিযোগ উঠেছে কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে কলেজের মূল ফটকের সামনে এ ঘটনা ঘটে। আহত দুই সাংবাদিককে প্রথমে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বৈশাখ উপলক্ষে আয়োজিত কনসার্টকে কেন্দ্র করে গতরাতে ছাত্রদলের দুই শীর্ষ নেতার অনুসারীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। সেই ঘটনার জেরে আজ দুপুরে আবারও কলেজ গেটের সামনে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এ সময় পরিস্থিতি পর্যবেক্ষণ ও সংবাদ সংগ্রহ করতে গেলে দ্য ডেইলি ক্যাম্পাসের প্রতিনিধি ও কবি নজরুল কলেজ সাংবাদিক সমিতির দপ্তর সম্পাদক বিপ্লব শেখ এবং সোনালী নিউজের প্রতিনিধি ওবায়দুল হক ঘটনাস্থলে যান। ভিডিও ধারণ করতে গেলে তাদের মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় এবং পরে মারধর শুরু হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

অভিযোগ অনুযায়ী, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রকি, ইভান সাব্বির, উজ্জ্বল, জীবন, মাশরাফি, সাইফ, সাব্বিরসহ বেশ কয়েকজন নেতাকর্মী সাংবাদিকদের ওপর হামলা চালান। এ সময় রডসহ দেশীয় অস্ত্র ব্যবহার করা হয়েছে বলেও দাবি করেন প্রত্যক্ষদর্শীরা।

আহত সাংবাদিক বিপ্লব শেখ বলেন, তারা সংবাদ সংগ্রহ করতে গেলে ছাত্রদলের নেতাকর্মীরা বাধা দেয়, মোবাইল ফোন কেড়ে নেয় এবং পরে রড দিয়ে আঘাত করে তাকে আহত করে।

সোনালী নিউজের প্রতিনিধি ওবায়দুল হক জানান, ভিডিও ধারণের সময় তার মোবাইল ছিনিয়ে নেওয়া হয় এবং পরে তাকে মারধর ও রড দিয়ে আঘাত করা হয়।

কবি নজরুল কলেজ সাংবাদিক সমিতির সভাপতি আতিক হাসান শুভ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

চিকিৎসক জয় হাজরা জানান, আহত দুই সাংবাদিককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় ছাত্রদলের আহ্বায়ক ইরফান আহমদ ফাহিম বলেন, সাংবাদিকদের ওপর হামলা অত্যন্ত দুঃখজনক এবং জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

কবি নজরুল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495